রামপুরায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর রামপুরায় গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে তাঁর বাসায় এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই গৃহবধূর স্বামী জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি কর্মস্থলে ছিলেন। আজ বিকেল পাঁচটার দিকে স্থানীয় বখাটে দীন ইসলামসহ চার-পাঁচজন বাসায় প্রবেশ করে। তারা ভয়ভীতি দেখিয়ে তাঁর স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে পালিয়ে যায়। তিনি বাসায় ফিরে ঘটনাটি শুনে রাত সোয়া আটটার দিকে তাঁর স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে গাইনি বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে পরে তাঁকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রামপুরা থানা-পুলিশকে অভিহিত করা হয়েছে।