রামপুরায় র্যাবের সঙ্গে 'গোলাগুলিতে' নিহত ২
রাজধানীর রামপুরায় গত মঙ্গলবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুই যুবক নিহত হয়েছেন। র্যাব বলেছে, নিহত যুবকদের নাম পবিত্র ও র্যাম্বো বলে তারা জানতে পেরেছে। তবে তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
র্যাব সূত্র বলেছে, র্যাব-৩-এর কাছে খবর আসে, একদল সন্ত্রাসী ছিনতাই-ডাকাতি করতে পূর্ব রামপুরার তিতাস রোডের বালুর মাঠের পাশে জড়ো হয়েছে। এ খবরের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই সন্ত্রাসী আহত হয়। অন্যরা পালিয়ে যায়। আহত যুবকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
র্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল খন্দকার গোলাম সারওয়ার গতকাল বুধবার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, পাঁচ-ছয়টি তাজা গুলি এবং নিহত যুবকদের কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করেছে। দুজনের মুঠোফোনে যোগাযোগ করে নিহত যুবকদের নাম পবিত্র ও র্যাম্বো বলে তাঁরা জানতে পারেন। দুজনের নম্বর পরস্পরের মুঠোফোনে সেভ করা ছিল। তবে তাঁদের ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অপরাধ নথিপত্রে দেখা যায়, পবিত্র আগে গ্রেপ্তার হয়েছিলেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, র্যাব জানতে পারে, ওই এলাকায় একটি সন্ত্রাসী চক্র ছিনতাই-ডাকাতি করছে। চক্রে আছেন র্যাম্বো, ওবায়েদ ও স্বপন।
দুই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত তাঁদের শনাক্ত করতে মর্গে কেউ যায়নি।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি।