রামপুরায় শিশুসহ গুলিবিদ্ধ ৩
রাজধানীর রামপুরায় দুই পক্ষের গোলাগুলিতে দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রামপুরা বাগিচারটেক বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ দুই শিশু হলো—মালেক (৭) ও মো. সোহেল (১২)। এ ছাড়া রাব্বি (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এই তিনজনেরই পায়ে গুলি লেগেছে। এর মধ্যে মালেকের পায়ে দুটি ও অন্যদের পায়ে একটি করে গুলি লাগে। তারা সবাই পথচারী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত মো. সোহেলের বাবার নাম মনির হোসেন। বাগিচারটেক শামছুল মিয়ার বাড়িতে ভাড়া থাকে তারা। সোহেল প্রথম আলোকে বলেছে, সে মীরেরটেক এলাকার একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করে। কাজ শেষে কয়েকজন মিলে ওই পথ দিয়ে বাসায় ফিরছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ কয়েকটি গুলির শব্দ পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এমন সময় একটি গুলি তার বাম পায়ে লাগে।
অন্যদিকে মালেকের বাবা চান মিয়া বাগিচারটেকের ১নং গলিতে ভাড়া বাসায় থাকেন। তিনি পেশায় রিকশাচালক। চান মিয়া প্রথম আলোকে বলেন, গতকাল তাঁর ছেলে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকায় বেড়াতে এসেছে। ঘটনার সময় মালেক মাঠে খেলছিল। দুটি গুলিই তার বাম পায়ে লেগেছে।
আহত রাব্বি জানিয়েছেন, তিনি ওই এলাকায় পানির ব্যবসা করেন। রাব্বি বলেন, ওই পথ দিয়ে যাওয়ার সময় তাঁর ডান পায়ে একটি গুলি লাগে।
ওই এলাকার টহলরত পুলিশের এসআই আবুল কালাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্ত চলছে। হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।