রামপুরায় হাত-পা বেঁধে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরায় অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যের হাত-পা বেঁধে প্রায় ২০ ভরি সোনা ও সাড়ে চার লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে একজন আহত হয়েছেন। আহত নূর ইসলাম (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নূর ইসলাম বলেন, বাবা-মা ও ছোট ভাই-বোন নিয়ে তিনি রামপুরার পূর্ব উলনের একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছয়জন অস্ত্রধারী যুবক তাঁদের বাসায় ঢুকে পড়ে। বাসার মূল দরজা এ সময় খোলা ছিল। দুর্বৃত্তদের চারজন বাসার ভেতরে ঢোকে ও দুজন বাইরে অবস্থান নেয়। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তিনি বলেন, বাসায় ঢুকেই দুর্বৃত্তদের একজন পিস্তলের বাঁট দিয়ে নূর ইসলামের মাথায় আঘাত করে। এরপর তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। ডাকাতেরা একে একে বাসায় থাকা নূর ইসলামের ছোট বোন, গৃহকর্মী ও তাঁদের সঙ্গে সাবলেটে থাকা এক কিশোরীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর সবাইকে চিৎকার করতে নিষেধ করে।
নূর ইসলাম বলেন, দুর্বৃত্তরা আলমারির চাবি খুঁজে না পেয়ে প্রথমে আলমারি ভাঙার চেষ্টা করে। রাত পৌনে আটটার দিকে নূর ইসলামের বাবা জাহিদুর রহমান বাসায় ফেরেন। দুর্বৃত্তরা তাঁকেও জিম্মি করে একইভাবে বেঁধে রাখে। পরে জাহিদুরের কাছ থেকে চাবি নিয়ে আলমারিতে থাকা প্রায় ২০ ভরি সোনা ও সাড়ে চার লাখ টাকা নিয়ে চলে যায়। দুর্বৃত্তরা বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পিছু নেন নূর হোসেন। এ সময় তারা নূর হোসেনের ডান পায়ের হাঁটুর নিচে গুলি করে ও গলির মুখে দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
নূর হোসেনের বাবা স্বর্ণ ব্যবসায়ী। পূর্ব উলনে ‘ঐশী গোল্ড হাউজ’ নামে তাঁর একটি স্বর্ণের দোকান আছে। নূর হোসেন প্রায় সাড়ে পাঁচ বছর দুবাই ছিলেন। আড়াই বছর আগে তিনি দেশে ফেরেন। ঘটনা সম্পর্কে জানতে রামপুরা থানার ওসি একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।