কক্সবাজারের রামু উপজেলায় অপহৃত দুই যুবক ছয় দিনেও উদ্ধার হয়নি। পরিবারের দাবি, ছয় লাখ টাকা মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে মেরে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে।
৭ জুলাই রাতে ঈদগড়-বাইশারি সড়কের অলিরঝিরি থেকে মোটরসাইকেলসহ সাদ্দাম হোসেন ও নুরুল আমিনকে অপহরণ করা হয়। অপহরণের ঘটনায় পরদিন রামু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণের পর থেকে নাইক্ষ্যংছড়ি
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদ্দামের বাড়ি বাইশারি ইউনিয়নের দক্ষিণ বাইশারি গ্রামে। তাঁর বাবার নাম ওসমান গণি। নুরুল আমিনও একই ইউনিয়নের পুর্নবাসনপাড়ার করিম মুন্সির ছেলে।
অপহৃত সাদ্দাম হোসেনের বাবা ওসমান গণি গত মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অপহরণের দুদিন পর (৯ জুলাই) অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে কল করে অপহৃতদের মুক্তিপণ হিসেবে ছয় লাখ টাকা দাবি করা হয়। এরপর থেকে ওই মুঠোফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। মুক্তিপণ দাবি করে আর কেউ ফোনও করেননি। তাঁরা বিষয়টি পুলিশকে বলেছেন বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে রামু থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন প্রথম আলোকে বলেন, অপহরণের পর থেকে পুলিশ ও বিজিবি সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে। কিন্তু অপহৃতদের পাওয়া যাচ্ছে না। ছয় লাখ টাকা মুক্তিপণ দাবির কথা তাঁর জানা নেই বলে জানান।