রামু থেকে ইয়াবা এনে রাজশাহীতে চালানের সময় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা। ফাইল ছবি
ইয়াবা। ফাইল ছবি

কক্সবাজারের রামু থেকে প্রায় সাত হাজার ইয়াবা বড়ি নিয়ে রাজশাহীতে এসে র‌্যাবের হাতে ধরা পড়েছেন দুই যুবক। গতকাল বুধবার রাত ১২টার দিকে রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে র‌্যাব-৫-এর একটি দল তাঁদের আটক করে।

আটক করা দুই যুবক হলেন কক্সবাজারের রামু উপজেলার পূর্ব মেরঙলোয়া গ্রামের সারেন্দ্র বড়ুয়ার ছেলে সুবোধ বড়ুয়া ওরফে মুন্না (২৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের সাদেক আলীর ছেলে রুবেল আলী (২৭)।

ওই দুই যুবকের কাছ থেকে ৬ হাজার ৯০০টি ইয়াবা, দুটি মুঠোফোন, দুটি সিমকার্ড ও নগদ ৪১৩ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম জানান, সুবোধ বড়ুয়া কক্সবাজার থেকে ইয়াবার চালানটি এনে রুবেলের কাছে হস্তান্তর করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করা হয়। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।