রামু থেকে যুবককে অপহরণ
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় থেকে গতকাল মঙ্গলবার ভোরে মনির উদ্দিন (২৬) নামের এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
মনির বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কুমপাড়ার শামশুল আলম ফকিরের ছেলে।
শামশুল আলম ফকির বলেন, ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়া সড়ক-সংলগ্ন হাসমত উল্লাহর মুরগির খামারে চাকরি করেন তাঁর ছেলে মনির। প্রায়ই তিনি সেখানে রাত যাপন করেন। গতকাল ভোর পাঁচটার দিকে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত মনিরকে সেখান থেকে অপহরণ করে জঙ্গলের দিকে নিয়ে যায়। এরপর এক ব্যক্তির মুঠোফোনে অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাঁর ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু মুছা বলেন, মনির উদ্দিনকে উদ্ধারের জন্য পুলিশ জঙ্গলে অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
গত ২৩ আগস্ট সন্ধ্যায় ঈদগড়-ঈদগাঁও-বাইশারী সড়কের ধুমছাকাটা এলাকা থেকে তিন ব্যক্তিকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। ৩০ ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, মুক্তিপণ দিয়ে ওই তিন ব্যক্তি মুক্তি পান।