রামুতে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরিফপাড়া থেকে অপহৃত দুই পান ব্যবসায়ী আবদুল মজিদ (৪০) ও আমির হামজাকে (৬০) পুলিশ গতকাল বুধবার সকাল ছয়টার দিকে গহিন অরণ্য থেকে উদ্ধার করেছে।
তবে পরিবারের দাবি, এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে ব্যবসায়ীরা ছাড়া পেয়েছেন। গত ৩০ আগস্ট বিকেলে ঈদগড় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই ব্যবসায়ীকে মুখোশধারী দুর্বৃত্তরা অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। অপহৃত দুই ব্যবসায়ীর বাড়ি মোহাম্মদ শরিফ ও কাটাজঙ্গল গ্রামে।
অপহৃত আবদুল মজিদের ছোট ভাই নুরুচ্ছাফা ও আমির হামজার ছেলে শাহজাহান বলেন, অপহরণের পর থেকে অজ্ঞাত ব্যক্তিরা আড়াই লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। গতকাল বুধবার ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা পরিশোধ করলে অপহৃত দুজনকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। এরপর পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসাইন প্রথম আলোকে বলেন, মুক্তিপণ দিয়ে নয়, পুলিশ গহিন অরণ্যে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে উদ্ধার করেছে। অপহৃত এক ব্যবসায়ীর মালয়েশিয়াপ্রবাসী ছেলের কাছে লোকজনের টাকা পাওনা ছিল। পাওনা টাকা ফেরত পেতে বাবাসহ দুজনকে অপহরণ করা হয়েছিল।