রামুতে আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর জঙ্গল থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তরপাড়ার জঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দাখালী উত্তরপাড়ার মিজানুর রহমান, রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের রবিউল ইসলাম ও চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী গ্রামের আহমদ হোসেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে উত্তরপাড়ার কয়েকটি বসতবাড়ি ও চিংড়ি ঘেরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আটজনের একটি দল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুটি দেশে তৈরি বন্দুকসহ তিনজনকে গ্রেপ্তার করে। বাকিরা জঙ্গলে পালিয়ে যায়। তিনি বলেন, এ ব্যাপারে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিন ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।