রামুতে গাড়ি থামিয়ে তিনজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ঈদগাহ-ঈদগড়-বাইশারী সড়কে একটি মিনিবাস থামিয়ে তিন ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঈদগড় ইউনিয়নের ধুমছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তিরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল কবির রাশেদ (৩০), ব্যবসায়ী নিজাম উদ্দিন (৪৫) ও হাবিবুর রহমান (৩৪)।
নুরুল কবির বাইশারীর লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতাহার আহমদের ছেলে। রামুর গর্জনিয়া ইউনিয়নের হাজিপাড়ার বাসিন্দা নিজাম উদ্দিনের বাইশারী বাজারে দোকান আছে। আর হাবিবুর রহমানের বাড়ি ঈদগড় ইউনিয়নে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২০ জন যাত্রী নিয়ে মিনিবাসটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈদগাহ বাজার থেকে বাইশারীর উদ্দেশে যাত্রা করে। রাত সাড়ে আটটার দিকে ঈদগড়ের ধুমছড়া এলাকায় আট-নয়জন মুখোশধারী সশস্ত্র বনদস্যু বাসটির গতিরোধ করে। এরপর দস্যুদের কয়েকজন গাড়িতে উঠে তিন যাত্রীকে অপহরণ করে পাশের জঙ্গলে পালিয়ে যায়। পরে বাসটি অন্য যাত্রীদের নিয়ে বাইশারীর দিকে চলে যায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধারে ঈদগড় সড়কের দুপাশের জঙ্গলে অভিযান চালাচ্ছে পুলিশ। মুক্তিপণ আদায়ের জন্য তাঁদের অপহরণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওসি বলেন, এর আগেও মুক্তিপণের জন্য এই সড়ক থেকে একাধিক ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল। পুলিশ জঙ্গলে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বাকি যাত্রীদের নিয়ে বাসটি রাতেই বাইশারী বাজারে পৌঁছায়। কিন্তু বাসটির চালক ও তাঁর সহকারীকে পাওয়া যাচ্ছে না।
অপহৃত নুরুল কবিরের ছোট ভাই তাহের মোর্শেদ বলেন, মুক্তিপণের জন্য তাঁর ভাইকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।