রামুতে গুলিতে হোমিও চিকিৎসক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে একজন হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
গত বুধবার দিবাগত রাতে মো. মহিউদ্দিন (৫০) নামের ওই চিকিৎসককে গুলি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত ঈদগড় ইউনিয়নের দক্ষিণ শরিফপাড়ায় হোমিও চিকিৎসক মো. মহিউদ্দিনের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে পাশের জঙ্গলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত মহিউদ্দিনকে উদ্ধার করে ঈদগড়ের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, নয় শতক জমি নিয়ে মহিউদ্দিনের সঙ্গে একই গ্রামের স্কুলশিক্ষক মো. নুরুচ্ছফার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৫ জানুয়ারি গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন স্কুলশিক্ষক নুরুচ্ছফা। তিনি বলেন, নুরুচ্ছফার ভাই ওয়াসিমসহ কয়েকজন সন্ত্রাসী হোমিও চিকিৎসকের ওপর হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দিলোয়ারা বেগম নামের এক গৃহবধূকে আটক করা হয়েছে। তিনি দক্ষিণ শরিফপাড়ার আসাদুজ্জামানের স্ত্রী। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।