রামুতে ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে গতকাল সোমবার বিকেল চারটার দিকে ছুরিকাঘাতে গৃহবধূ কুলসুমা আক্তারকে (২৫) হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ স্বামী মো. শরিফকে আটক করেছে।
নিহত গৃহবধূর মা নাসিমা আক্তার বলেন, গতকাল বিকেল চারটার দিকে দ্বিতীয় বিয়ে করা নিয়ে মো. শরিফের সঙ্গে কুলসুমার ঝগড়া বাধে। একপর্যায়ে কুলসুমাকে ঘরের একটি কক্ষে নিয়ে পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় শরিফ। গুরুতর আহত অবস্থায় কুলসুমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘরে কুলসুমার দুটি সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভুঁইয়া বলেন, এ ঘটনায় মো. শরিফকে আটক করা হয়েছে।