রামুতে ডাকাতের গুলিতে আ.লীগ নেতা আহত
কক্সবাজারের রামুতে ডাকাতের গুলিতে আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর হোসেন। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য নুর হোসেনকে বিমানযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মুখোশধারী একদল ডাকাত দরজা ভেঙে পূর্ব মেরংলোয়া গ্রামের সৌদিপ্রবাসী বেদারুল আলমের ঘরে প্রবেশ করে। এরপর ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকাসহ মালামাল লুট করে। এরপর ডাকাতেরা পাশের আরেকটি বাড়িতে হানা দেয়। এ সময় আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। পরে ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসেন আওয়ামী লীগের নেতা নুর হোসেন। তিনি লোকজন নিয়ে রাস্তা অবরোধ করেন। অবস্থা বেগতিক দেখে ডাকাতেরা গুলি ছুড়ে পাহাড়ে পালিয়ে যায়। ডাকাতের ছোড়া গুলিতে নুর হোসেন (৫০) আহত হন। ছররা গুলির আঘাতে তাঁর চোখ, মুখ ও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়।
স্থানীয় লোকজন আহত নুর হোসেনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে বিমানযোগে ঢাকায় পাঠানো হয়। আহত নুর হোসেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।
বেদারুল আলমের ছোট ভাই মোর্শেদুল আলম বলেন, মুখোশধারী সাতজন ডাকাত চারটি অস্ত্র নিয়ে তাঁদের জিম্মি করে ঘরের আলমারিতে রাখা চার ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন লুট করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পূর্ব মেরংলোয়া গ্রামের সাদ্দাম হোসেন ও কামরুন নাহার।