রামুতে দুই যুবককে হাত-পা ও গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি জঙ্গল থেকে পুলিশ গতকাল সোমবার দুপুরে হাত-পা ও গলা কাটা দুই যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, ওই যুবকেরা এলাকায় তক্ষক ও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ভাগ-বাঁটোয়ারা নিয়ে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
নিহত দুই যুবক হলেন গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আবদুল মাবুদের ছেলে মো. ইলিয়াছ (২৮) ও আবদুল মোনাফের ছেলে আবদুর রহিম (২৭)।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম বলেন, সকালে স্থানীয় লোকজন উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় জঙ্গলের ভেতরে দুটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা তিনটার দিকে লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাঁদের হাত-পা ও গলা কাটা। দুজনের পরনেই লুঙ্গি ছিল। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআই মোজাহিদুল ইসলাম আরও বলেন, নিহত দুই যুবক এলাকায় তক্ষক (টোট্যাং) ও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। সম্ভবত ভাগ-বাঁটোয়ারা নিয়ে অন্য কোনো পক্ষ তাঁদের হত্যা করে থাকতে পারে। ইলিয়াছের বাঁ হাত ও গলা কেটে এবং রহিমকে বাঁ পা, বাহু ও গলা কেটে হত্যা করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহম্মেদ ভূঁইয়া জানান, পুলিশ এ হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।