রামুতে দুই শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার বড়বিল গ্রাম থেকে অপহরণের একদিন পরও উদ্ধার করা যায়নি দুই শিশুকে। তারা দুজন ভাই। পুলিশ বলছে, দুই ভাইকে উদ্ধারে অভিযান চলছে।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় বাড়ির আঙিনায় খেলার সময় দুই ভাই মোহাম্মদ শাকিল (১০) ও মোহাম্মদ কাজলকে (৯) অপহরণ করে দুর্বৃত্তরা। শাকিল দাখিল মাদ্রাসার এবং কাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
দুই শিশুর বাবা উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের মো. ফোরকান। তিনি বলেন, অপহরণের পর দুর্বৃত্তরা মুঠোফোনে চার লাখ টাকার মুক্তিপণ দাবি করছে। এত টাকা তাঁর নেই। বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি।
জানতে চাইলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই (উপপরিদর্শক) রমজান হোসেন গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মুক্তিপণের জন্য ডাকাতেরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দুই শিশুকে উদ্ধারে চেষ্টা চলছে।