রামুতে পাহাড় কর্তন, মাটি ভর্তি ট্রাক জব্দ
কক্সবাজারের রামুতে গতকাল সোমবার পাহাড় কেটে মাটি ভর্তি করা চারটি ট্রাক জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে গতকাল দুপুরে উপজেলার ধোয়া পালং নতুন ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কেটে মাটি বোঝাই করার সময় চারটি ট্রাক জব্দ করা হয়। তবে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা জঙ্গলে পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি পাহাড় কেটে একটি চক্র মাটির ব্যবসা করছে। ইতিমধ্যে কয়েকটি পাহাড় কেটে ফেলা হয়েছে। তিনি জানান, আটক বালুভর্তি চারটি ট্রাকের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামেও পাহাড় কাটা হচ্ছে। স্থানীয় গর্জনিয়া ভূমি অফিসের তহশিলদার চন্দন কুমার দাস জানান, পাহাড় কাটার খবর বন কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত কেউ ঘটনাস্থলে আসেননি।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, সময়ের অভাবে গতকাল ফাক্রিকাটায় অভিযান চালানো সম্ভব হয়নি। তিনি জানান, পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা করে মামলা করা হবে।