রামুতে পাহাড় কেটে সড়ক নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে সড়ক নির্মাণ করা হচ্ছে। সড়ক নির্মাণের জন্য পাহাড়ের পাশাপাশি গাছপালাও নিধন করা হচ্ছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, অত্যাধুনিক এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে সংরক্ষিত বনের পাহাড় কেটে বনাঞ্চলের ভেতর দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। অর্ধশতাধিক শ্রমিক পাহাড় কাটার মাটি ঠেলাগাড়িতে ভরে নিয়ে যাচ্ছেন।
শ্রমিকেরা বলেন, দৈনিক ৩০০ টাকা মজুরিতে তাঁরা পাহাড় কেটে সমান করছেন। রাস্তার ওপর থাকা গাছপালাও কাটা হচ্ছে। কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন তাঁদের নিয়োগ দিয়েছেন।
শ্রমিকেরা বলেন, ২ জানুয়ারি থেকে তাঁরা কয়েকটি পাহাড় কেটে দেড় কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করেছেন। সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা নির্মাণ করতে আরও কয়েকটি পাহাড় কাটতে হবে।
স্থানীয় লোকজন বলেন, পাহাড় কেটে রাস্তা নির্মাণের পাশাপাশি বনাঞ্চলের বিপুল পরিমাণ গাছপালা উজাড় করা হচ্ছে।
পাহাড় কেটে সড়ক নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে বাঁকখালী বন রেঞ্জের কর্মকর্তা এস এম শাহিদুল হক বলেন, ওই রাস্তা নির্মাণ করতে পাহাড় কাটা চলছে। সঙ্গে গাছপালাও কেটে ফেলা হচ্ছে। স্থানীয় বনকর্মীরা বাধা দিলে নুরুল আমিন তাঁদের তাড়িয়ে দেন। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
নুরুল আমিন বলেন, এলাকার জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই সড়ক নির্মাণ করা হচ্ছে। সড়ক নির্মাণের খরচের উৎস এবং বন বিভাগ কিংবা পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কাটার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) শাহী-ই-আলম বলেন, চেয়ারম্যানকে পাহাড় কেটে রাস্তা নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পাহাড় কাটা বন্ধ আছে। তিনি আরও বলেন, পাহাড় নিধন ও বনাঞ্চল ধ্বংসের ক্ষতিপূরণের মামলা করার প্রস্তুতি চলছে।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, বনাঞ্চল ও পাহাড় নিধন করে সড়কটি নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে এর সত্যতাও পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা চাওয়া হয়েছে।