কক্সবাজারের রামু উপজেলার একটি বৌদ্ধবিহারের টাকা ও মালামাল লুট করেছে ডাকাতেরা। গত মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ির প্রজ্ঞামিত্র বন বিহারে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বিহারের অধ্যক্ষ ও সেবককে জিম্মি করে।
প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের প্রথম আলোকে বলেন, অস্ত্রধারী কয়েকজন ডাকাত বিহারে ঢুকে ঘুমিয়ে থাকা সেবক ধন বড়ুয়াকে মারধর শুরু করে। তাঁর চিৎকার শুনে তিনি ঘুম থেকে জেগে বেরিয়ে আসেন। এরপর তাঁকেও অস্ত্র ধরে জিম্মি করা হয়। তারা বিহারের নিচ ও দ্বিতীয় তলায় বিভিন্ন কক্ষে থাকা চারটি আলমারি ভেঙে নগদ ৪৭ হাজার টাকা, একটি এলইডি টেলিভিশন, দুটি মুঠোফোনসহ অন্যান্য মালামাল লুট করে।
বিহারের সেবক ধন বড়ুয়া বলেন, ডাকাতেরা বিহারের দ্বিতীয় তলার একটি খোলা জানালা দিয়েই ভেতর প্রবেশ করে। বিহারে ঢুকে প্রথমে তাঁকে জোরে লাথি মেরে ঘুম থেকে জাগায়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কাছ থেকে চাবি নিয়ে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, অস্ত্রধারী দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে। তবে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে এই বিহারেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সরকারের উদ্যোগে আধুনিকমানের নতুন বিহার নির্মাণ করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে গতকাল বুধবার সকালে বিহারটি পরিদর্শন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলি প্রমুখ।
সাংসদ সাইমুম সরওয়ার বলেন, এ ঘটনা খুবই উদ্বেগজনক ও নিন্দনীয়। জড়িতদের রেহাই দেওয়া হবে না।