রামুতে ১০ মে.টন সারসহ ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার থেকে গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ ২০০ বস্তা (১০ মেট্রিক টন) ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে। কৃষকের ভর্তুকির এই সার চোরাইপথে মিয়ানমারে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। 
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, ২০০ বস্তা সারবোঝাই ট্রাকটি নাইক্ষ্যংছড়ি সড়ক ধরে মিয়ানমার সীমান্তের দিকে যাওয়ার সময় পুলিশ আটকায়। এরপর কৃষি কর্মকর্তাদের পরামর্শে সারবোঝাই ট্রাকটি গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত সারবোঝাই ট্রাকটি সেখানে পড়ে ছিল। এ ব্যাপারে কোনো মামলাও হয়নি। মেসার্স আবু তাহের ট্রেডার্সের নামে সারগুলো নিয়ে আসেন গর্জনিয়ার ডিলার মোস্তাক আহমদ।
ডিলার মোস্তাক আহমদের ছেলে মো. রাসেল বলেন, নাইক্ষ্যংছড়ির বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় সারগুলো সেখানে (নাইক্ষ্যংছড়িতে) মজুত করা হয়েছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই সার ট্রাকবোঝাই করে গর্জনিয়া আনা হচ্ছিল। মিয়ানমারে সার পাচারের অভিযোগ ভিত্তিহীন দাবি করেন তিনি।
উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. এনায়েত বলেন, সারবোঝাই ট্রাকটি কোন এলাকা থেকে আনা হয়েছে তার অনুসন্ধান চলছে। কাগজপত্রে গরমিল পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজাহিদুল ইসলাম বলেন, কৃষি বিভাগ সিদ্ধান্ত দিলে পুলিশ সারের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।