কক্সবাজারের রামুতে গত শনিবার রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জ থেকে বাস ভাড়া করে ৩২ ব্যক্তিকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিয়ে আসেন মো. হেমায়েত নামের এক ব্যক্তি। শনিবার রাতে বাসটি টেকনাফ থেকে কেরানীগঞ্জে ফিরছিল। ওই সময় বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান এই ইয়াবা পাচারের মূল হোতা মো. হেমায়েত। তাঁর বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার চৌকিদার কান্দি গ্রামে।
এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার মো. ফেরদৌস মোল্লা গতকাল রোববার রামু থানায় ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় পলাতক হেমায়েতকে ১ নম্বর আসামি করা হয়েছে।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, হেমায়েতের নেতৃত্বে সিন্ডিকেট সদস্যরা মাত্র দেড় হাজার টাকায় সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের কথা বলে কিছু তরুণকে টেকনাফ নিয়ে আসে। উদ্দেশ্য ফেরার সময় বাসে লুকিয়ে ইয়াবা পাচার করা। গত বৃহস্পতিবার একটি বাসে করে যাত্রীদের টেকনাফ নিয়ে আসেন হেমায়েত। শুক্রবার যাত্রীদের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করানো হয়। শনিবার রাতে টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে তারা ঢাকায় ফিরছিল। রাত ১০টার দিকে বাসটি মরিচ্যা যৌথ তল্লাশিচৌকিতে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় বাসের এক্সেলের সঙ্গে কাপড় মোড়ানো অবস্থায় ৪৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।
মেজর ইমরান উল্লাহ সরকার বলেন, পিকনিক পার্টির ছদ্মাবরণে সিন্ডিকেট সদস্যরা পরিকল্পিতভাবে ইয়াবার চালানটি টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে ইয়াবা চোরাচালানের মূল রহস্য বেরিয়ে আসবে।
রামু থানায় দায়ের করা এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ইয়াবা পাচার করছিল।
রামু থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমেদ ভুঁইয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।