রামুর অপহৃত দুই ব্যবসায়ীর খোঁজ নেই, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরীফ গ্রাম থেকে অপহৃত দুই পান ব্যবসায়ী আবদুল মজিদ ও আমির হামজাকে গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ৩০ আগস্ট বিকেলে ঈদগড় সড়ক থেকে দুই ব্যবসায়ীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
মজিদ মোহাম্মদ শরীফ গ্রামের আবদুল মাবুদের ছেলে। আমির হামজা ঈদগড় ইউনিয়নের কাটাজঙ্গল এলাকার মৃত আলী আকবরের ছেলে।
এ প্রসঙ্গে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসাইন প্রথম আলোকে জানান, ঘটনার পর থেকে পুলিশ অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধারের জন্য আশপাশের জঙ্গলে অভিযান চালাচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বেও তল্লাশি চলছে। কিন্তু খোঁজ মিলছে না।
নিখোঁজ আবদুল মজিদের ছোট ভাই নুরুচ্ছাফা বলেন, ‘৩০ আগস্ট নিজের পানের বরজ দেখাশোনা করতে গিয়ে বড় ভাই (মজিদ) নিখোঁজ হন। পরদিন রোববার সকাল ১০টার দিকে অজ্ঞাত স্থান থেকে এক ব্যক্তি পরিবারের সদস্যদের মুঠোফোনে মুক্তিপণের আড়াই লাখ টাকা দাবি করে। অন্যথায় মজিদকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ নিয়ে আতঙ্কে আছি।’
অপহৃত আমির হামজার ছেলে শাহজাহানও বাবার মুক্তির বিপরীতে আড়াই লাখ টাকা চাইছে বলে দাবি করেন।
স্থানীয় ঈদগড় ইউপির চেয়ারম্যান ফিরোজ আহমদ বলেন, ‘অপহৃত দুই ব্যক্তি পান ব্যবসায়ী। তাঁদের নিজস্ব পানের বরজ রয়েছে। অপহরণকারীরা পাঁচ লাখ টাকার মুক্তিপণ দাবি করে দুই পরিবারের সদস্যদের কাছে বারবার ফোন করছেন বলে জেনেছি। ৩০ আগস্ট দুই ব্যবসায়ী বাইশারী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে অপহৃত হন।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ মে এই ইউনিয়নের ঈদগড়-বাইশারী সড়কে একটি বাস থামিয়ে সশস্ত্র দুর্বৃত্তরা ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ীসহ তিনজনকে অপহরণ করে এবং পরদিন কয়েক লাখ টাকার মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়।