রামুর এক গ্রাম থেকেই ২২ শিশু পাচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের জঙ্গলে গণকবরে বাংলাদেশিদের মরদেহ থাকার খবরে কক্সবাজার উপকূলের ঘরে ঘরে আহাজারি চলছে। কক্সবাজারের রামু উপজেলার শুধু দারিয়ারদিঘী গ্রাম থেকেই গত আড়াই বছরে অন্তত ২২ শিশু পাচার হয়েছে। কিন্তু মানব পাচারকারী চক্রের হোতারা সেভাবে ধরা পড়ছেন না, বিচারও হচ্ছে না। পুলিশের তথ্য অনুযায়ী, মানব পাচারে ৪০ জেলায় ২৩০ দালালের সহযোগী হিসেবে কাজ করছেন অন্তত আড়াই হাজার ব্যক্তি।
কক্সবাজার শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রামু উপজেলার দারিয়ারদিঘী গ্রাম। থাইল্যান্ডের জঙ্গলে গণকবরে বাংলাদেশিদের লাশ পাওয়ার খবর পাওয়ার পর থেকে এই গ্রামের ঘরে ঘরে কান্না শুরু হয়। গতকাল মঙ্গলবার সকালে দারিয়ারদিঘীর দিনমজুর আবদুস শুক্কুরের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী হাজেরা খাতুন কাঁদছেন। তিনি জানান, তনু নামের এক দালাল তাঁর স্কুলপড়ুয়া ছেলেকে থাইল্যান্ডে পাচার করেছে। ওই গণকবরে ছেলে হারুনুর রশিদের লাশ থাকতে পারে বলে সন্দেহ তাঁর। আবদুস শুক্কুর জানান, আড়াই বছর ধরে তিনি নিখোঁজ ছেলের সন্ধান করছেন। ওই দালালও ধরা পড়ছে না।
স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হারুনের পাশাপাশি এই গ্রামের গোলাম সোবহানের ছেলে মো. কালু, গোলাম হোসেনের ছেলে ফরিদুল আলম, সোনা আলীর ছেলে ফরিদ মিয়া, কাদের হোসেনের ছেলে মো. আলম, সুলতান আহমদের ছেলে তৈয়ুব উল্লাহ, আলী আহমদের ছেলে মো. আলম, ইসলাম মিয়ার ছেলে মুহিব উল্লাহ, আলী আকবরের ছেলে আবু সিদ্দিক, ঠান্ডা মিয়ার ছেলে কামাল হোসেন, আবুল কালামের ছেলে খাইরুল আমিনসহ অন্তত ২২ শিশু থাইল্যান্ড পাচার হয়েছে। এদের বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে। গত আড়াই বছরে এই শিশুদের পাচার করা হয়। এদের সবার ঘরে কান্নার রোল পড়ে গেছে।
নিখোঁজ আলমের বড় ভাই খোরশেদ আলম জানান, ‘ছোট ভাই আলমকে দালালচক্র অপহরণ করে থাইল্যান্ড পাচার করে। ভাইকে ফেরত চাইলে দালালেরা উল্টো তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।’
স্থানীয় খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, তাঁর ইউনিয়নের ঘরে ঘরে এখন নিখোঁজ স্বজনের জন্য আহাজারি চলছে। ইউনিয়ন পরিষদে দালালদের বিরুদ্ধে দৈনিক ২০ থেকে ২৫টি অভিযোগ আসছে। কিন্তু দালালদের নাগালে পাওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ ভূঁইয়া বলেন, উপকূলীয় এলাকায় এমন নিখোঁজের সংখ্যা অনেক। তবে ওই ২২ শিশু নিখোঁজ হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) নেই।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের লবণচাষি নুরুল হক ও নুরুল ইসলাম দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায়। গত ২২ ডিসেম্বর দালালচক্র তাঁদের স্কুলপড়ুয়া দুই ছেলে মো. ওসমান ও মোস্তফা কামালকে অপহরণ করে থাইল্যান্ড পাচার করে। নুরুল ইসলাম জানান, ঘটনার ২২ দিন পর দুই শিশু থাইল্যান্ডের বন্দিশিবির থেকে মুঠোফোনে তাঁর কাছে মুক্তিপণ চেয়েছিল। এরপর আর যোগাযোগ করেনি।
কক্সবাজার উপকূলের নাজিরারটেক, দরিয়ানগর, উখিয়ার সোনারপাড়া, মনখালী, মহেশখালীর সোনাদিয়াসহ অর্ধশতাধিক পয়েন্ট দিয়ে এখনো মানব পাচার চলছে। কিন্তু দালালচক্র থাকছে প্রায় ধরাছোঁয়ার বাইরে।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, ‘থাইল্যান্ডের জঙ্গলে গণকবরের সন্ধান পাওয়ায় স্থানীয় দালালচক্র আত্মগোপনে চলে গেছে। গত ছয় মাসে বিজিবি সদস্যরা কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে ২৩ দালালসহ ৭৮ জনকে আটক করেছে।’
২০১৪ সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার ও বাংলাদেশের ২৪১ দালালের নিয়ন্ত্রণে চলছে কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে মানব পাচার । এর মধ্যে আন্তর্জাতিক মানব পাচারকারী ১১ জন। তাঁদের মধ্যে থাইল্যান্ডের ফুডাবা জেলার রোনাং শহরের থেন, মং এবং মানাকিং পাচারের পুরো কাজ তদারক করেন। মালয়েশিয়ার নারী মানাকিং মানব পাচার নিয়ন্ত্রণে থাইল্যান্ডের উপকূলে অবস্থান করেন। বাংলাদেশের ৪০ জেলায় তাঁদের নিয়ন্ত্রিত ২৩০ দালালের সহযোগী হিসেবে কাজ করছেন প্রায় আড়াই হাজার ব্যক্তি। মানব পাচারের টাকার লেনদেন করে টেকনাফকেন্দ্রিক ২৬ জনের একটি হুন্ডি চক্র।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, গত দুই মাসে পুলিশ উপকূলে অভিযান চালিয়ে ৩০০-এর বেশি মালয়েশীয় যাত্রীসহ ২০ জন দালালকে আটক করে পুলিশ। এর পরও মানব পাচার ঠেকানো যাচ্ছে না।