রামুর একটি বাড়িতে ডাকাতি, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্বদ্বীপ এলাকার একটি বাড়িতে গতকাল বুধবার ভোর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় বাড়ির ছয়জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর রাতে একদল ডাকাত পূর্বদ্বীপ এলাকার দুই ভাই সেনাসদস্য নুর মোহাম্মদ ও মোহাম্মদ ফিরোজের বাড়িতে হানা দেয়।
করপোরাল মোহাম্মদ ফিরোজ চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। আর সৈনিক নুর মোহাম্মদ রামু সেনানিবাসে কর্মরত।
নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, পুলিশ পরিচয় দিয়ে ডাকাত আবুল মনজুর তাঁর বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। এরপর ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে অস্ত্রের মুখে নারী-শিশুদের জিম্মি করে এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁর মা আম্বিয়া খাতুনসহ পরিবারের ছয় সদস্য আহত হন। তাঁদের রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ঘরের লোকজন ডাকাত মনজুরকে চিনতে পেরেছেন। মনজুর এলাকার কুখ্যাত ডাকাত-সর্দার।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা এক লাখ টাকা, আনুমানিক পাঁচ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘরের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।
গ্রাম পুলিশের সদস্য মো. ইসলাম বলেন, মনজুর বাহিনীর লোকজন এ লুটপাট চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ডাকাত মনজুর ২০-২৫ জনের একটি দল গঠন করে মানুষের ঘরবাড়িতে লুটপাট চালিয়ে যাচ্ছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ধরার চেষ্টা চলছে। তিনি জানান, বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁরা এ ব্যাপারে লিখিত অভিযোগ পাননি।