রামুর জঙ্গল থেকে অস্ত্রসহ ছয় দস্যু গ্রেপ্তার
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া জঙ্গল থেকে পুলিশ গতকাল বুধবার আগ্নেয়াস্ত্রসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা বনদস্যু বাহিনী শাহিন গ্রুপের সদস্য।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লুৎফুর রহমান, মঞ্জুরুল আলম, শাহজাহান সুজন, মাইনুদ্দীন, মো. ইব্রাহিম ও মো. আলম।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, গতকাল ভোরে বনদস্যুরা ঈদগাহ-ঈদগড়-বাইশারী সড়কের গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা জঙ্গলে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দস্যুরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে পালাতে থাকেন। ওই সময় ধাওয়া করে ছয় দস্যুকে গ্রেপ্তার করা হয়। তবে বাহিনীর প্রধান মো. শাহিনসহ কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গলে পালিয়ে যান।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশে তৈরি পাইপগান ও দুটি রামদা উদ্ধার করে। গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা আছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, ঈদগাহ-ঈদগড়-বাইশারী সড়কের বাইশারী ও গর্জনিয়া জঙ্গল নিয়ন্ত্রণ করেন শাহিন বাহিনীর দস্যুরা। লোকজনের ঘরবাড়িতে লুটপাটের পাশাপাশি তাঁরা এ সড়কে চলাচলকারী বাসের যাত্রীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছেন। তিনি বলেন, শাহিনের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা আছে।
ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, গত মঙ্গলবার সকালে ঈদগাহ-ঈদগড়-বাইশারী সড়কের ঈদগড় এলাকার জঙ্গল থেকে ১৭ মামলার পলাতক আসামি ও বনদস্যু রাশেদুল ইসলাম ওরফে রাহাত উল্লাহর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লুটের টাকা ভাগাভাগি নিয়ে অপর দস্যুবাহিনীর সঙ্গে গোলাগুলিতে রাহাত নিহত হন।