রামুর জঙ্গল থেকে ১৭ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কক্সবাজারের রামু থেকে অপহরণ, ডাকাতি, অস্ত্রসহ ১৭ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ঈদগড় জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আসামির নাম রাশেদুল ইসলাম ওরফে রাহাত উল্লাহ (৩৮)। গত চার মাসে ঈদগড় জঙ্গল থেকে কক্সবাজার জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সিফাত ও তাঁর ভাই আরাফাত, চকরিয়ার ডুলাহাজারা এলাকার ডাকাতসর্দার ইনু ও রশিদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন রাহাত। তাঁর শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একনলা বন্দুক, আটটি তাজা কার্তুজ ও ছয়টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানা ও রামু থানায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭টি মামলা রয়েছে। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্বগজালিয়া গ্রামে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল ১০টার দিকে ঈদগড় ইউনিয়নের পানেরছড়া এলাকার জঙ্গল থেকে রাহাতের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, কক্সবাজার ও বান্দরবানের জঙ্গলবেষ্টিত পাহাড়ের ভেতর দিয়ে যাওয়া প্রায় ২৮ কিলোমিটার ‘ঈদগাহ-ঈদগড়-বাইশারী’ সড়কে একাধিক বনদস্যু দলের আস্তানা রয়েছে। মুক্তিপণের জন্য এসব দস্যুবাহিনী অপহরণ, স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ডাকাতি ও লুটপাট করে। লুটের টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষ দস্যু দলের সঙ্গে গোলাগুলিতে রাহাত নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।