রামুর জঙ্গল থেকে ১৮ মামলার আসামির লাশ উদ্ধার
কক্সবাজারের রামু থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ছয়টায় উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের ধুমছাকাটা নামক পাহাড়ি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি দেশি বন্দুকও উদ্ধার করে পুলিশ। নিহত মো. ইউনুছ ওরফে ইনুর (৪০) বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
নিহত ইউনুছের বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকায়। পুলিশের দাবি, চকরিয়ার পাহাড়ি এলাকায় ইনু বাহিনী নামের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। ইউনুছ ওই বাহিনীর প্রধান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ইউনুছের বিরুদ্ধে চকরিয়াসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র ও বন আইনে অন্তত ১৮টি মামলা রয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঈদগড়-ঈদগাঁও সড়কের পাশে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়। ইউনুছের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র উদ্ধার ও হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
ইউনুছের স্ত্রী জুবাইদা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী একসময় অপরাধে জড়িত ছিলেন, এটা সত্যি। সম্প্রতি তিনি জেল থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আট ব্যক্তি ইউনুছকে তুলে নিয়ে যান বলে তিনি জানান।
তবে কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ ইউনুছকে তুলে নেননি।