রামেকের চিকিৎসক রোগী দেখেন রংপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক)। যোগাযোগের ঠিকানা দিনাজপুরে, থাকেন রংপুরে। সেখানেই একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে রোগী দেখেন। রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কারণ দর্শাও নোটিশের জবাবে তিনি অসুস্থ বলে জানিয়েছেন। একইভাবে আরও একজন চিকিৎসক থাকেন ঢাকায়। মাসে মাসে বেতন নিলেও তাঁরা হাসপাতালে আসেন না।

এই দুই চিকিৎসকের একজনের নাম রেজাউল আলম। তাঁর যোগাযোগের ঠিকানা দেওয়া রয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান। তিনি সম্প্রতি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি চার-পাঁচ মাস ধরে কর্মস্থলে অনুমোদনহীনভাবে অনুপস্থিত রয়েছেন।

অপর চিকিৎসকের নাম আবু বকর সিদ্দিক। তিনি ঢাকায় থাকেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান। তিনিও দুই বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুমোদনহীনভাবে অনুপস্থিত রয়েছেন। একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাঁকে। এমনকি বেতনও বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও তিনি একইভাবে অনুপস্থিত থাকছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রেজাউল আলমকে ৮ আগস্ট দ্বিতীয়বারের মতো কৈফিয়ত তলব করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘গত ২৫ জুলাই ২০১৬ থেকে অদ্যাবধি পূর্বের ন্যায় কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত আছেন। আপনার এই অনুপস্থিতির কারণে রাজশাহী মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসাব্যবস্থা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আপনার এই অনুপস্থিতি সরকারি চাকরিবিধি পরিপন্থী।’ তাঁর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না, তার জবাব ১১ আগস্টের মধ্যে দিতে বলা হয়েছে। তিনি জবাব দিয়েছেন। তাতে তিনি শারীরিক অসুস্থতার কথা লিখেছেন।

মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রংপুরে থাকার কথা স্বীকার করেছেন। চিকিৎসক রেজাউল আলম বলেন, রংপুর থেকে তিনি বাসে রাজশাহীতে যাতায়াত করেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরের মেডিকেল মোড়ে সিটি স্ক্যান নামে বেসরকারি একটি রোগনির্ণয়কেন্দ্রে (ডায়াগনস্টিক সেন্টার) রোগী দেখেন। গত রোববারও তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেছেন বলে রংপুর থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক নিশ্চিত করেছেন।

রাজশাহীর একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু বকর সিদ্দিকও ঢাকায় বসে রোগী দেখেন। মুঠোফোনে আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর অনুপস্থিতির বিষয়ে বলেছেন, অভিযোগ কিছুটা সত্য। তাঁর স্ত্রী ঢাকার দোহারে কর্মরত। বাচ্চারা ঢাকায় থাকে। তাঁর (আবু বকর সিদ্দিক) মা থাকেন খুলনায়। এই সমস্যার কারণে তিনি রাজশাহী যেতে পারেন না। বদলির জন্য চেষ্টা করছেন। কিন্তু হচ্ছে না। তাঁর বেতন বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, স্ত্রী বা তাঁর যেকোনো একজনের বদলির মাধ্যমে তাঁরা এক জায়গায় থাকতে পারলেও হতো।

জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ নওশাদ আলী প্রথম আলোকে বলেন, তাঁদের অনুপস্থিত থাকার বিষয়ে কৈফিয়ত তলব করা হয়েছে। একজনের বেতনও বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে আবার চালু করা হয়েছে। ওই দুই চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। তাঁদের অনুপস্থিতির কারণে কোনো ক্ষতি হচ্ছে কি না জানতে চাইলে নওশাদ আলী বলেন, শিক্ষার্থীদের ক্লাস নেওয়া ও রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কনিষ্ঠ শিক্ষকদের দিয়ে তাঁদের ক্লাসগুলো পুষিয়ে নেওয়া হচ্ছে।