রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গতকাল সোমবার সকালে জেলা শহরের টাউল হল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যে দাবি নিয়ে ১৯৯১ সালের ঘাতক দালাল নির্মূল কমিটির আত্মপ্রকাশ ঘটেছিল, তা আজও পূরণ হয়নি। সরকার যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করার পর মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছিল।

কিন্তু কাদের মোল্লা ছাড়া আর কারও ফাঁসির দণ্ড কার্যকর না হওয়ায় হতাশা নেমে এসেছে। যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করার পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মানছুরুল হক।

এতে জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক, সাবেক কমান্ডার মিজানুর রহমান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, সদর উজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফার মমিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ফরায়েজী প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।