রায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চালককে খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার জাহাঙ্গীর হোসেন (২৫) নামের ওই অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কৃষ্ণদিয়া ও নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের সীমান্তবর্তী কবরস্থানের পাশের সড়কে একজনের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রায়গঞ্জ ও সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু লাশটি রায়গঞ্জ থানা এলাকায় থাকায় সলঙ্গা থানার পুলিশ চলে যায়। রায়গঞ্জ থানার পুলিশ সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ নিশ্চিত হয়, লাশটি নলকা ইউনিয়নের চক মনোহরপুর গ্রামের তজিমুদ্দিন হোসেনের ছেলে অটোরিকশাচালক জাহাঙ্গীর হোসেনের।
জাহাঙ্গীরের পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর কয়েক বছর ধরে ভাড়ায় অটোরিকশা চালাতেন। গত শুক্রবার সকালে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। তাঁদের ধারণা, গত শুক্রবার রাতে যাত্রী নিয়ে কোথাও যাওয়ার পথে তাঁকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস প্রথম আলোকে জানান, শ্বাসরোধ করে চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নিহতের চাচা আবু সামা বাদী হয়ে থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা করেছেন।