রায়গঞ্জে দুই নদীতে অবাধে চলছে পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ও ইছামতী নদীসহ বিভিন্ন খালবিলে অবাধে চলছে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ নিধন। নদী ও খালপাড় এলাকার কিছু মৎস্যজীবী ও বর্ষাকালীন শৌখিন মৎস্য শিকারিরা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব পোনা মাছ শিকার করছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পাবনা বাজার থেকে নলকা ইউনিয়নের নলকা সেতু পর্যন্ত ফুলজোড় নদী এবং ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রহ্মগাছা থেকে নলকা ইউনিয়নের নলকা সেতু পর্যন্ত ইছামতী নদী বিস্তৃত। এ ছাড়া বিভিন্ন খালবিল রয়েছে এ উপজেলায়।
প্রতিবছর বর্ষা মৌসুমে বিভিন্ন নদী থেকে মা মাছ এই দুটি নদী ও খালবিলে আসে। ফলে দুটি নদী আর বিভিন্ন খালবিল দেশীয় নানা প্রজাতির মাছে ভরে যায়। কিন্তু অবাধে পোনা িকার করায় এসব মাছের বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে।
গত দুই দিন উপজেলার ধানগড়া, ভুইয়াগাঁতী, ঘুড়কা, নলকা, সিমলা, চান্দাইকোনাসহ বিভিন্ন এলাকা ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ফুলজোড় ও ইছামতী নদীতে পানি কমতে শুরু করেছে। এ অবস্থায় নদীতে নৌকা বেয়ে সুতি জাল, বেড় জাল, কারেন্ট জালসহ বিভিন্ন জাল দিয়ে ছেঁকে তোলা হচ্ছে বোয়াল, টেংরা, পুঁটি, কাতলা, শোলসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা।
নদীপাড়ের ধানগড়া এলাকার জোবায়ের আলম সরকার বলেন, মাত্র তিন মাস উপজেলার নদী ও খালবিলে পোনা মাছ ধরা বন্ধ রাখা গেলে নদী থেকে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যেত। কিন্তু মৎস্য শিকারিরা তা হতে দিচ্ছেন না। মাছগুলো বেড়ে ওঠার আগেই নিধন করা হচ্ছে।
রায়গঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, পোনা মাছ নিধন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এসব মাছ নিধন বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই মৎস্যজীবীদের এ বিষয়ে সচেতন করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বেড় জাল, সুতি জাল ও কারেন্ট জালে এসব পোনা মাছ বেশি ধরা পড়ে। এ কারণে এসব জাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এসব জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, বেড় জাল ও কারেন্ট জাল ব্যবহার বন্ধে এবং পোনা মাছ রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিগগিরই অভিযান শুরু করা হবে।