রায়গঞ্জে নিষিদ্ধ নোট ও গাইডের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় অনেক আগেই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নোট ও গাইড বই নিষিদ্ধ করেছে। এর পরও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারের বইয়ের দোকানগুলোতে দেদার বিক্রি হচ্ছে নোট ও গাইড বই।
নোট ও গাইড প্রকাশনী সংস্থাগুলো বিদ্যালয় বা শিক্ষকদের নানা রকম সুবিধা দিয়ে এসব অবৈধ বইয়ের ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সূত্র জানায়, নোট ও গাইড ব্যবসা অনেক দিনের হলেও বর্তমানে সৃজনশীল পদ্ধতির জন্য তা আরও বেড়ে গেছে। এ পদ্ধতিতে শিক্ষকেরা পাঠদানে যথেষ্ট দক্ষ না হওয়ায় তাঁরা শিক্ষার্থীদের নোট ও গাইডের ওপর নির্ভরশীল করে তুলছেন। এতে শিক্ষার্থীরা পাঠের মর্ম বুঝতে পারছে না। কিন্তু লাভবান হচ্ছেন নোট ও গাইডের অসাধু ব্যবসায়ীরা।
উপজেলার বিভিন্ন এলাকার বইয়ের দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব বিষয়ের নোট ও গাইড বই বিক্রি হচ্ছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের শৌলিসাবলা গ্রামের আইয়ুব আলী বলেন, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া তাঁর ছেলের জন্য ‘একের ভিতর সব’ নামের একটি গাইড বই কিনতে হয়েছে। এটির দাম ২৩০ টাকা বলে তিনি জানান।
হাসিল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মনিয়া খাতুন, বিলকিস খাতুন, ইমন খান, হোসেন আলী জানায়, তারা পাঞ্জেরী অথবা লেকচার প্রকাশনীর গাইড কিনেছে। শিক্ষকেরা তাদের এসব বই কিনতে বলেছেন বলে তারা জানায়। ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাইশা খাতুন বলে, তাদের ক্লাসে সবারই নোট বই আছে। রৌহা এইচজিবিএল উচ্চবিদ্যালয়, নিমগাছি উচ্চবিদ্যালয়সহ সাত-আটটি বিদ্যালয়ে গিয়ে একই অবস্থা দেখা যায়। সবাই নোট অথবা গাইড বই ব্যবহার করছে।
নাম প্রকাশ না করার শর্তে এসব বিদ্যালয়ের ছয়জন শিক্ষক বলেন, নোট ও গাইড চালানোর বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে প্রকাশনী ও বইয়ের দোকানমালিকেরা কথা বলেন। শ্রেণি অনুযায়ী এসব নোট ও গাইডের দাম ১২০ থেকে এক হাজার টাকা পর্যন্ত।
হাসিল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম নোট ও গাইডের বিষয়ে শিক্ষকদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বলেন, নতুন ক্লাসে উঠলেই অভিভাবকেরা ছেলেমেয়েদের এসব কিনে দিতে অস্থির হয়ে পড়েন।
ধানগড়া বাজারের দুজন বই ব্যবসায়ী বলেন, শিক্ষকেরাই বলে দেন কোন কোন নোট বা গাইড এ বছর চলবে। সে অনুযায়ী ব্যবসায়ীরা প্রকাশনীর সঙ্গে কথা বলে এসব নোট বা গাইড নিয়ে আসেন।
রায়গঞ্জ উপজেলার দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলার সভায় নোট ও গাইড থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের দূরে রাখার কথা বলা হলেও এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয় না।
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, নিষিদ্ধ নোট ও গাইড ব্যবহার না করতে শিক্ষকদের বলা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, নিষিদ্ধ নোট ও গাইডের বিরুদ্ধে অচিরেই অভিযান শুরু করা হবে।