রায়গঞ্জে পরীক্ষাকেন্দ্রে আগুন, পুড়ল খাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আজ বৃহস্পতিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দাখিল পরীক্ষার ১৪০টি খাতা পুড়ে গেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার পর মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে একটি বাক্সে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ১৪০টি খাতা আংশিক পুড়ে যায়। খবর পেয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, রায়গঞ্জ থানার পুলিশ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা মাদ্রাসায় আসেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কে এম জহুরুল ইসলাম বলেন, সন্ধ্যার পর দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ বলেন, পরীক্ষা বানচাল করতে দুর্বৃত্তরা খাতা নষ্ট করেছে। বিষয়টি রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।