নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির পূর্বনির্ধারিত গতকাল শুক্রবারের দ্বিবার্ষিক সম্মেলন হয়নি। গত বৃহস্পতিবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সম্মেলনস্থলের প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুর করে সম্মেলন পণ্ড করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বিকেল চারটার দিকে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে নেছার উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। গতকাল সকালে উপজেলার দৌলতকান্দি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন হওয়ার কথা ছিল।
লিখিত বক্তব্যে নেছার উদ্দিন বলেন, জেলা বিএনপির নির্দেশে গতকাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ সুপার ও স্থানীয় থানার অনুমতি নিয়ে দৌলতকান্দি উচ্চবিদ্যালয় মাঠে প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি গরু জবাই করে সেখানে রান্নার ব্যবস্থা করা হয়। কিন্তু রাত ১১টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘ক্ষমতাসীন দলের’ একদল নেতা-কর্মী মিছিল নিয়ে এসে প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুর করেন। এ সময় তাঁরা সম্মেলনের অতিথিদের আপ্যায়নের জন্য আনা গরুর গোশত, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যান।
পরে রাত দুইটার দিকে পুলিশ নেছার উদ্দিনের বাড়িসহ বিএনপির একাধিক নেতা-কর্মীর বাড়িতে তল্লাশির নামে হয়রানি করে। পাশাপাশি জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মুঠোফোনে সম্মেলনস্থলে যেতে নিষেধ করে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক আমিনুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আবদুর রহমান প্রমুখ।
এ বিষয়ে তাঁর মন্তব্য জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইনের মুঠোফোনে গতকাল রাতে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও যোগাযোগের চেষ্টা করা হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেই সম্মেলন পণ্ড হয়। এতে পুলিশের কোনো ভূমিকা নেই।