রায়পুরে এক সপ্তাহে ১৮টি মোটরসাইকেল চুরি
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহর থেকে গত সোমবার দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে (১০ থেকে ১৬ মার্চ) পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ১৮টি মোটরসাইকেল চুরি হলো।
চুরির ঘটনায় চারজন মোটরসাইকেলের মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অধিকাংশ চুরির ঘটনায় থানায় মামলা বা জিডি হয়নি।
গত ২৮ জানুয়ারি প্রথম আলোয় ‘রায়পুরে সাড়ে পাঁচ মাসে শতাধিক মোটরসাইকেল চুরি’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
গত সোমবার দুপুরে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ব্যবসায়ী ওমর ফারুকের মোটরসাইকেলটি চুরি হয়। এর আগে সকালে সিনেমা হল রোড থেকে ইসমাইল হোসেনের মোটরসাইকেল চুরি হয়।
গত ১২ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান কামালের বাসা থেকে তালা ভেঙে মোটরসাইকেল নিয়ে যায় চোরেরা। ১৩ মার্চ রাতে পৌরসভা কার্যালয়ের কাছের একটি দোকান থেকে ব্যবসায়ী কান্তির মোটরসাইকেল চুরি হয়।
এ নিয়ে গত ১০ মার্চ থেকে ওষুধ কোম্পানির প্রতিনিধি আবদুর রহমান, স্কুলশিক্ষক শুকুর আলী, ব্যবসায়ী মো. তারেকসহ ১৮ ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়।
রায়পুর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তার তথ্য মতে, একটি চক্র চুরি করা এসব মোটরসাইকেল দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে এবং বিভিন্ন স্থানে চুরি হওয়া মোটরসাইকেল এখানে এনে কম দামে বিক্রি করে। চুরির ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় তাঁরাও বেকায়দায় আছেন।
শাহাজান কামাল ও ওমর ফারুক বলেন, চোরেরা দিনে তাঁদের মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। প্রতিদিনই উপজেলায় মোটরসাইকেল চুরি হচ্ছে। অথচ পুলিশ চুরি রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, ‘বেশ কিছু মোটরসাইকেল চুরির কথা শুনেছি। চুরির সঙ্গে জড়িত চক্রটিকে ধরতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আশা করি, অচিরেই তাদের ধরা সম্ভব হবে। আর মোটরসাইকেল চুরি হলে অনেকেই পুলিশকে তা অবহিত করে না।’