রায়পুরে কলেজের ৫৪টি রসিদ চুরি
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে গতকাল বুধবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ৫৪টি রসিদ চুরি করেছে একটি চক্র।
চুরি করা ওই রসিদে ফরম পূরণের টাকার সংখ্যা এক হাজার টাকা কম লিখে প্রাইম ব্যাংকের রায়পুর শাখায় জমা দিতে যায়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হলে রসিদগুলো নিয়ে কয়েক যুবক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ কলেজে আসে এবং রসিদের কিছু আলামত উদ্ধার করে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।
কলেজ সূত্রে জানা গেছে, বিভিন্ন ফিসহ এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ২ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীদের কলেজের কার্যালয় থেকে ওই টাকার রসিদ নিয়ে ব্যাংকে জমা দেওয়ার নিয়ম। গতকাল কে বা কারা কলেজ থেকে ৫৪টি রসিদ চুরি করে নিয়ে যায়। পরে ওই রসিদগুলোতে ১ হাজার ৮৮০ টাকা লিখে ব্যাংকে জমা দিতে যায়। ব্যাংক কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহ হলে ব্যাংক থেকে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।
রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইকবাল কবির বলেন, একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা জমা নেন। পরে তাঁরা নিজেদের পকেট ভারী করতে আমার কাছে টাকা কমাতে আসেন। আমি তাঁদের ওই দাবি রাখিনি। ব্যর্থ হয়ে ওই চক্রটি প্রতারণার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ধরা পড়ে। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়ামান চৌধুরী বলেন, প্রতারকদের ধরার চেষ্টা চলছে।