লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারের অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থানের কাজে অনিয়ম ও অর্থ লুটপাট চলছে বলে অভিযোগ উঠেছে। প্রকল্প থেকে ঘুষ-বাণিজ্য বন্ধ করতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম সারওয়ারকে নির্দেশ দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন।
গত বুধবার মাসিক সমন্বয় কমিটির সভায় ওই প্রকল্পের ১ কোটি ৫ লাখ টাকার কাজে দুর্নীতির অভিযোগ এনে কয়েকজন জনপ্রতিনিধি অসন্তোষ প্রকাশ করেন। এ সময় কমিটির সভাপতি আলতাফ হোসেন ওই নির্দেশ দেন।
সভায় কয়েকজন প্রকল্প তদারক কর্মকর্তাও তাঁদের নিয়ম অনুযায়ী প্রকল্পের তালিকা না দেওয়ার বিষয়টিও উত্থাপন করেন। ওই সভায় পিআইও উপস্থিত ছিলেন। এ সময় তিনি অভিযোগগুলো অস্বীকার করেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ৪০ দিনের কর্মসংস্থান প্রকল্পে ত্রিমুখী দুর্নীতি চলছে। প্রথমত, এই প্রকল্পের কাজ ২৯ নভেম্বর শুরুর নির্দেশনা ছিল। কিন্তু উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫টি প্রকল্পে ওই দিন কাজ শুরু হয়নি। শুরু হয় ১৫ কর্মদিবস শেষে। দৈনিক ২০০ টাকা মজুরিতে প্রকল্পগুলোতে ১ হাজার ৩১৭ জন শ্রমিকের কাজ করার কথা রয়েছে। কিন্তু কাজ না করে ১৫ দিনের টাকা প্রকল্পের সভাপতি ও পিআইও সমান ভাগ করে নেন। দ্বিতীয়ত, কাজ শুরুর পর প্রকল্পগুলোতে অর্ধেকেরও কম শ্রমিক নিয়োগ করা হয়। এ জন্য পিআইওকে ২০ শতাংশ হারে কমিশন দিতে হয়। অধিকাংশ প্রকল্পের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। চরমোহনা ইউনিয়নে ৩০ জন ও দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে ৪০ জন ভুয়া শ্রমিকের তালিকা দেন পিআইও নিজে। তিনি এই ৭০ জনের ২০০ টাকা হারে মজুরি নেন। পরে এ বিষয়গুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতিরা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানান। বুধবার সরেজমিনে দেখা যায়, চর বংশী জমাদারবাড়ি রাস্তায় ১০ জন শ্রমিক কাজ করছেন। অথচ এখানে ৪০ জনের কাজ করার কথা। ঝাউডগী আবাবিল রাস্তায় ৩০ জন শ্রমিক থাকার কথা, কিন্তু নয়জনকে কাজে পাওয়া যায়। মোল্লাবাড়ি দেওয়ানবাড়ির রাস্তার নির্মাণকাজে ২৫ শ্রমিকের স্থলে সাতজনকে দেখা যায়।
গত মঙ্গলবার আমতলী বাজার থেকে পাইকবাড়ি রাস্তায় ৩০ জনের স্থলে ৯ জন শ্রমিক পাওয়া যায়। গাজীনগর রাস্তায় ৩০ জন শ্রমিকের কাজ করার কথা ছিল, কিন্তু সাতজনকে কাজ করতে দেখা গেছে। চরকাছিয়া ছিদ্দিক আলী হাওলাদার রাস্তায় ৩৯ শ্রমিকের স্থলে ১০ জনকে কাজ করতে দেখা যায়।
কয়েকটি প্রকল্পের সভাপতিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০০ টাকা মজুরিতে শ্রমিক পাওয়া যায় না। পিআইওকে ২০ শতাংশ হারে টাকা দিতে হয়। এই দুই কারণে তাঁরা বাধ্য হয়ে কম শ্রমিক দিয়ে কাজ করিয়ে পুরো শ্রমিকের বিল করেন।
তবে পিআইও গোলাম সারওয়ার অভিযোগ অস্বীকার করে জানান, কর্মসংস্থান প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে। নির্ধারিত দিনেই কাজ শুরু হয়েছে। কোনো কমিশন আদায় করা হয় না। ইউএনও শারমিন আলম জানান, প্রকল্পগুলোতে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আলতাফ হোসেন বলেন, ‘ঘুষ আদায় বন্ধ করে সঠিকভাবে কাজ করতে পিআইওকে নির্দেশ দেওয়া হয়েছে। রায়পুরের উন্নয়নের টাকা তিনি লুটপাট করে খাবেন। আর আমরা কি তা চেয়ে চেয়ে দেখব? এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পিআইওর কমিশন আদায়ের কারণে প্রকল্পের উন্নয়নকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।’