রায়পুরে যুবলীগ নেতার বিরুদ্ধে সরকারি খাল দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি বাজারের পেট্রলপাম্পের পূর্ব পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খাল এক সপ্তাহ ধরে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য জাকির হোসেন ওরফে টারজানের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
সওজ বিভাগের এক কর্মকর্তা কয়েক দিন আগে এসে এই ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এর পরও জাকির তা বন্ধ না করে ভরাট কার্যক্রম অব্যাহত রেখেছেন।
লক্ষ্মীপুর সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, সওজের মালিকানাধীন ওই খালের প্রায় ৩০ শতাংশ জমি জাকির ভরাট করছেন। এই ভূমির বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এক সপ্তাহ আগে জাকির হোসেন হঠাৎ সড়কের পাশের খাল ভরাট শুরু করেন। তিনি ট্রলিযোগে মাটি এনে রাত-দিন এই ভরাটকাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় লোকজন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও তিনি দখল কার্যক্রম গতকাল মঙ্গলবার পর্যন্ত বন্ধ করেননি। খাল ভরাটের পর সেখানে তিনি বিপণিবিতান নির্মাণ করবেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও জমি দখলের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জাকির হোসেন মুঠোফোনে গতকাল বিকেলে জানান, তিনি সওজ বিভাগ থেকে ওই জমি ইজারা নিয়েছেন। এ ছাড়া কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তা তিনি ভরাট করছেন। তবে ইজারার সপক্ষে কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
এ ব্যাপারে সওজ বিভাগের রায়পুর উপবিভাগীয় প্রকৌশলী ফয়েজ আহমেদ জানান, সওজের মালিকানাধীন খালটি ভরাটের জন্য কাউকে ইজারা দেওয়া হয়নি। ওই খাল ভরাটের খবর পেয়ে কয়েক দিন আগে ঘটনাস্থলে একজন কর্মকর্তা পাঠানো হয়েছিল। ওই কর্মকর্তা জাকিরকে ভরাট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে এসেছেন। এর পরও দখল কার্যক্রম চললে জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।