রায়পুরে শ্বশুরবাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় হামদে রাব্বী নামে এক ব্যক্তির লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুর থেকে গতকাল হাওয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
রায়পুরে নিহত হামদে রাব্বী (২৮) লক্ষ্মীপুর সদর উপজেলার পেয়ারাপুর গ্রামের নূরু পাটোয়ারীর ছেলে। এ ঘটনায় রাব্বীর স্ত্রী জোছনা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, প্রায় তিন বছর আগে সদর উপজেলার নূরু পাটোয়ারীর ছেলে রাব্বীর সঙ্গে বামনী ইউনিয়নের জয়নাল আবেদিনের মেয়ে জোছনা আক্তারের বিয়ে হয়। এরপর তাঁরা রায়পুর পৌরশহরের মধুপুরে একটি ভাড়া বাসা নিয়ে থাকা শুরু করেন। কয়েক দিন আগে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় জোছনা রাগ করে বাবার বাড়িতে চলে যান। গতকাল ভোরে জোছনাদের বাড়ির পাশের বাগানের একটি ছোট সুপারিগাছের সঙ্গে হামদে রাব্বীর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সকালে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
হামদে রাব্বীর ভাই জাফর আহম্মেদ বলেন, ছোট একটি সুপারিগাছ থেকে রাব্বীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই গাছের সঙ্গে কেউ আত্মহত্যা করতে পারবে না। তাঁকে হত্যা করে লাশ ওই গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
জোছনা আক্তার জানান, আগেও কয়েকবার হামদে রাব্বী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গত সোমবার রাতে মুঠোফোনে কল দিলে তিনি ফোন ধরেননি। পরে তিনি (হামদে রাব্বী) বাড়ির পাশে এসে আত্মহত্যা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাব্বী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
ময়মনসিংহের নান্দাইল থানার পুলিশ গতকাল মঙ্গলবার উপজেলার বীর কামাটখালী গ্রামের একটি পুকুর থেকে হাওয়া আক্তারের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া উপজেলার বেতাগৈর ইউনিয়নের খড়িয়া গ্রামের আবদুল আজিজ মিয়ার মেয়ে। আজিজ মিয়া অভিযোগ করেন, দুই বছর আগে প্রতিবেশী বীর কামাটখালী গ্রামের মো. বাহার উদ্দিনের ছেলে পাভেল মিয়া তাঁর মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তাঁর মেয়ে শ্বশুরবাড়িতে থাকলেও পাভেলের বাবা-মা ওই বিয়ে মেনে নেননি। যৌতুক দাবি করাসহ বিভিন্ন অজুহাতে তাঁর মেয়েকে মারধর করতেন পাভেল। পাভেলই তাঁর মেয়েকে হত্যা করে এখন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে কথা বলার জন্য পাভেল মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ আলী শেখ বলেন, লাশের সুরতহাল করার সময় পানিতে ডুবে মৃত্যু ঘটার লক্ষণ পাওয়া যায়নি। শরীরে বড় ধরনের আঘাতের চিহ্নও নেই। তাই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।