রায়পুরে ২১ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের ২১ জন পরীক্ষার্থী এইচএসসির ফরম পূরণ করতে পারেনি। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ওরফে রাজিম তাদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিয়েও কলেজে জমা দেননি। এ কারণে ওই ২১ জনের ফরম পূরণ করা হয়নি।
ফরম পূরণ না হওয়ার বিষয়টি গতকাল শনিবার জানতে পেরে পরীক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে। তারা কলেজ কর্তৃপক্ষ ও রাজনৈতিক দলের নেতাদের কাছে সমাধানের জন্য ঘুরছে।
কয়েকজন পরীক্ষার্থী জানান, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম কম টাকায় ফরম পূরণ করে দেওয়ার কথা বলে প্রায় ৭০ জনের কাছ থেকে টাকা নেন। গতকাল তারা জানতে পারে, ২১ জনের টাকা সাইফুল কলেজে জমা দেননি। এতে তাদের ফরম পূরণও হয়নি। বিষয়টি নিয়ে কথা বললে সাইফুল উল্টো তাদের হুমকি দেন।
পরীক্ষার্থী মোহাম্মদ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছাত্রলীগের কোটায় সাইফুল ফরম পূরণ করানোর কথা বলে একেকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন। কিন্তু আমাদের টাকা কলেজে জমা না দিয়ে প্রতারণা করেন। এতে আমাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।’
কলেজ সূত্রে জানা গেছে, ফরম পূরণের শেষ দিন ছিল গত ২৭ ডিসেম্বর। আর ৩ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করার শেষ সময় ছিল। কলেজ কর্তৃপক্ষের হাতে এখন আর ফরম পূরণের সুযোগ নেই। ফরম পূরণের টাকা জমা দেওয়ার পর নিয়ম অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ফরম পূরণ করে থাকে।
তবে সাইফুল ইসলাম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ টাকা কম না নেওয়ায় ২১ জনের টাকা জমা দিতে পারিনি। এখন বোর্ড থেকে বিশেষ অনুমতি এনে তাদের ফরম পূরণের ব্যবস্থা করব।’
রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইকবাল কবির প্রথম আলোকে বলেন, ‘ফরম পূরণ না হওয়ায় পরীক্ষার্থীরা কান্নাকাটি করছে। তাদের জন্য আমার ভীষণ কষ্ট লাগছে।’