রাষ্ট্রদূতের হাতব্যাগ মিলল দোকানে
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির হাতব্যাগ চুরির ঘটনায় পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে রুবেল নামের এক চোরকে শনাক্ত করে। পরে ভিডিও ফুটেজ দেখে রাজধানীর শনির আখড়া থেকে তাঁকে আটক করা হয়। রুবেল জানান, রাষ্ট্রদূতের ট্যাব ও মুঠোফোন তিনি পান্থপথের বসুন্ধরা সিটির দোকান কর্মচারী শামসের কাছে বিক্রি করে দিয়েছেন। পরে পুলিশ তাঁর তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মালামালসহ দোকান কর্মচারী শামসকে আটকও করে।
গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল সকাল নয়টার দিকে শনির আখড়ার বাসা থেকে রুবেলকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে বসুন্ধরা সিটির লেভেল ৫-এর বি ব্লকের আইটাচ নামের একটি মুঠোফোনের দোকান থেকে রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগ ও মালামালসহ দোকান কর্মচারী শামসকে (২০) আটক করা হয়। তাঁদের চুরির ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের রিমান্ডে নেওয়া হবে। মামলাটির তদন্ত করবে ডিবি।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একটি অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরির পর ডিবি পুলিশ এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা তদন্তে ডিবিকে সহায়তা করে। আবদুল বাতেন বলেন, তদন্তের একপর্যায়ে প্রায় একই চেহারার বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। ভিডিও ফুটেজের সঙ্গে চেহারার মিল না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে তথ্য-প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনা দিয়ে রুবেল বলেন, গত সোমবার নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চারুকলা ইনস্টিটিউটে যান। তিনিও সেখানে ঢুকে পড়েন। অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রদূত চেয়ারে তাঁর ব্যাগ রেখে মোমবাতি প্রজ্বালন করতে যান। এ সময় তিনি
ব্যাগটি হাতে তুলে নিয়ে চেয়ারের কাছে দাঁড়ান, যাতে কেউ তাঁকে চোর সন্দেহ না করে। পরে সুযোগ বুঝে ব্যাগটি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যান। সেখান থেকে তিনি শনির আখড়ার বাসায় যান। পরদিন মঙ্গলবার বসুন্ধরা সিটিতে গিয়ে আইটাচ দোকানের কর্মচারী শামসের কাছে ট্যাব ও মুঠোফোন ১০ হাজার টাকায় বিক্রি করেন। এগুলো বিক্রি করা গেলে আরও কিছু টাকা দেওয়ার কথা শামস তাঁকে বলেছিলেন। এরপর তিনি ব্যাগ ও পাসপোর্ট বসুন্ধরা সিটির পাঁচতলা থেকে নিচে ফেলে দেন।
ডিবির যুগ্ম কমিশনার বাতেন বলেন, রুবেলের ফেলে দেওয়া ব্যাগ ও পাসপোর্ট বসুন্ধরা সিটির নিরাপত্তাকর্মীরা পেয়ে তা নেওয়ার জন্য মাইকিং করেছিলেন। কিন্তু কেউ তা গ্রহণ করেননি। গতকাল ডিবি পুলিশ সিটি মার্কেটে অভিযান চালাতে গেলে নিরাপত্তাকর্মীরা রাষ্ট্রদূতের ব্যাগ ও পাসপোর্ট তাঁদের হাতে তুলে দেন। রুবেল পেশাদার চোর। এর আগেও কয়েকবার শামসের কাছে একই ধরনের চোরাই মালামাল বিক্রি করেছিলেন।