রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়ন থেকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামের এসাহাক সিকদার (৮৫), বল্লভ গ্রামের সলেমান মৃধা (৮৫) ও আবদুল ছত্তার প্যাদা (৬০)। গলাচিপা গ্রাম থেকে আবদুল আউয়াল মৌলভী (৬০) ও আবদুল গণি হাওলাদার (৬৫)।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম তারিকুল ইসলাম বলেন, গতকাল রাতে ইটবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ইটবাড়িয়া এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৩ মে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। পাক হানাদার বাহিনী স্থানীয় দোসরদের সহায়তায় ওই এলাকায় নারকীয় ধ্বংসযজ্ঞ চালায়। ওই দিন এলাকার বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি গুলি করে ১৮ জনকে হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোসরেরা। এ সময় বেশ কয়েকজন নারীকে ধরে পটুয়াখালী সার্কিট হাউসে নিয়ে পাশবিক নির্যাতন চালানো হয়। সেখানে নির্যাতনের শিকার হওয়া ছয় নারী এখনো বেঁচে রয়েছেন।

এদিকে গত ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা পটুয়াখালীতে মতবিনিময় সভায় যুদ্ধাপরাধীদের বিচারের সকলের সহযোগিতা কামনা করেন। এরপর ৪ সেপ্টেম্বর তদন্ত সংস্থার লোকজন সরেজমিন ইটবাড়িয়ায় যান। প্রতিনিধি দল একাত্তরে নির্যাতিত নারী ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এরপর গতকাল ওই পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে একাত্তরের ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।