রাষ্ট্রপতির কাছে অসত্য তথ্য দিয়ে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ে (ইউএসটিসি) উপাচার্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি প্রশ্ন তুললে মন্ত্রণালয় বলেছে, ইউএসটিসির উপাচার্য নিয়োগে ভুলবশত আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। উপাচার্য নতুন করে নিয়োগ দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি আফসারুল আমিন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উপাচার্যের নিয়োগ বাতিলের জন্য রাষ্ট্রপতির কাছে নথি পাঠানো হবে। এরপর নতুন করে যোগত্যাসম্পন্ন উপাচার্য নিয়োগ দেওয়া হবে।
বৈঠকে কার্যপত্র থেকে জানা যায়, গত জুলাই মাসে সংসদীয় কমিটি ইউএসটিসিতে উপাচার্য নিয়োগ আপাতত বন্ধ রাখার সুপারিশ করেছিল। কারণ হিসেবে তারা বলেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়টি কিছু কিছু ক্ষেত্রে সরকারি নীতিমালা মানছে না। তা ছাড়া বিশ্ববিদ্যালয়টি নিয়ে মামলা-মোকদ্দমা আছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কমিটির সুপারিশ আমলে না নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রভাত কুমার বড়ুয়াকে উপাচার্য নিয়োগের সুপারিশ করে রাষ্ট্রপতির দপ্তরে নথি পাঠায়। রাষ্ট্রপতি গত ১৪ সেপ্টেম্বর ওই নথিতে সই করেন।
সংসদীয় কমিটির মতে, এই নিয়োগ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। আইনে বলা আছে, উপাচার্য পদে নিয়োগের জন্য প্রথম শ্রেণি বা সমমানের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা পিএইচডি ডিগ্রি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ গবেষণা বা প্রশাসনিক কাজে মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
জানতে চাইলে কমিটির সভাপতি আফসারুল আমিন সাংবাদিকদের বলেন, আইনে যেসব শর্ত দেওয়া আছে, তা নিয়োগ পাওয়া উপাচার্যের নেই। মন্ত্রণালয় আইনের শর্ত এবং নিয়োগ পাওয়া উপাচার্যের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে রাষ্ট্রপতির দপ্তরে অসত্য তথ্য পাঠিয়েছে।
এ বিষয়ে জানতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি।
কমিটির সদস্য এস এম আবুল কালাম আজাদ জানান, বৈঠকে বেসরকারি শিক্ষকেরা তাঁদের অবসরসুবিধা নিয়মিত পাচ্ছেন না বলে অভিযোগ ওঠে। বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, প্রশাসনিক জটিলতার কারণে নিয়মিত ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে কমিটির আগামী সভায় বিস্তারিত আলোচনা হবে।
আফসারুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানক, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।