দিনাজপুরের কাহারোল উপজেলায় কান্তজির মন্দির প্রাঙ্গণে রাস মেলায় পুতুলনাচ, ভ্যারাইটি শো ও যাত্রার নামে অশ্লীল নাচ চলছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও কৃষক সমিতি এ অশ্লীল নাচ বন্ধের দাবি জানিয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে কমিউনিস্ট পার্টি অশ্লীল নাচ বন্ধের দাবিতে কাহারোল উপজেলার আমতলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। ইউএনও রবিউল ফয়সাল স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দেন।
একই দাবিতে দুপুর ১২টার দিকে কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক নির্মল কুমার সাংবাদিকদের কাছে আরেকটি স্মারকলিপি দেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড প্রশান্ত কুমার সেন জানান, ঐতিহাসিক কান্তজির মন্দির প্রাঙ্গণে রাস মেলাকে কেন্দ্র করে বিনোদনের নামে কুরুচিপূর্ণ নগ্ন নৃত্য ও অশ্লীলতা চলছে। ফলে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে। যুব ও তরুণসমাজের সদস্যদের মধ্যেও তা সংক্রমিত হচ্ছে। অপরাধ প্রবণতা বাড়ছে। দেশ-বিদেশের পর্যটকদের কাছে কান্তজির মন্দিরের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথ্বিশ কুমার রায় বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা মেলা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করেছি। মেলায় আর কোনো ধরনের অশ্লীল কার্যক্রম চলবে না বলে তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন। তার পরও এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে।’
ইউএনও রবিউল ফয়সাল জানান, মেলায় নগ্ন নৃত্য ও অশ্লীলতা বন্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর একাধিক বিনোদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।