রাসমেলায় যাত্রা প্যান্ডেলে বিস্ফোরণ, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলায় ঐতিহাসিক কান্তজির মন্দির প্রাঙ্গণে গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে রাসমেলার যাত্রা প্যান্ডেলে বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন আহত হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আহত ব্যক্তিরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের ইউনিট-৩ এর দায়িত্বে থাকা চিকিৎসক সোহেল উল্লাহর ভাষ্য, আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত।

মন্দিরের সেবার কাজে নিয়োজিত প্রেমনাথ রায় (৬০) প্রথম আলোকে বলেন, গতকাল রাত একটার দিকে মন্দির প্রাঙ্গণের বাইরে উত্তরদিকে কৃষিজমিতে ‘ভোলানাথ অপেরা’ নামের একটি যাত্রা চলছিল। এ সময় প্যান্ডেলে বিস্ফোরণ ঘটে।

মেলার ইজারাদার মো. হারেছ আলী শাহ বলেন, বিস্ফোরণের পর তাঁরা কাউকে পালিয়ে যেতে দেখেননি। আহতরা প্রায় সবাই শরীরের নিচের অংশে বিশেষ করে পায়ে আঘাত পেয়েছেন। ধারণা করা হচ্ছে, বিস্ফোরকটি মাটিতে পুঁতে রাখা হয়েছিল।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।