রাসায়নিক ছিটিয়ে দুই বিঘা জমির ধান গাছ নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে দুই বিঘা জমির বোরো ধানের গাছ রাসায়নিক ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দাবি করেছে জমির মালিক ও বর্গাচাষি।
পুলিশ, চেয়ারম্যান ও এলাকাবাসী জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাপাড়া গ্রামে চতলার দোলা এলাকায় বর্গাচাষি মজিবর রহমান ৬০ শতাংশ জমিতে বোরো ধান লাগান। ধান গাছ থেকে সবেমাত্র শিষ বের হতে শুরু করেছিল।
এলাকাবাসী জানান, পান্থাপাড়া গ্রামের রমেশ চন্দ্র বর্মণ পাঁচ বছর আগে পান্থাপাড়া মৌজার ১৫৭৫, ১৫৭৬ ও ১৫৪৮ নম্বর দাগের ৬০ শতক (দুই বিঘা) জমি ৯৯ বছর ইজারা নেন। তিনি মারা যাওয়ার পর তাঁর তিন ছেলে রবীন্দ্রনাথ, ভবেন্দ্রনাথ ও দুলাল চন্দ্র বর্মণ জমি ভোগদখল করে আসছেন। গত বছর ওই জমি মজিবর রহমান নামে এক ব্যক্তিকে বর্গা দেওয়া হয়। গত বছর একই গ্রামের কাশেম আলী, রমজান আলী, মুছা মিয়া, ইছা আলী, রেজা মিয়া ও রিয়াজুল ওই জমি তাঁদের বলে দাবি করেন। বর্গাচাষি মজিবর রহমান ওই জমিতে ধান লাগালে ওই ছয় ব্যক্তি রাতের অন্ধকারে জমির পাকা ধান কেটে নিয়ে যান। এরপর জমির তিন মালিক ও মজিবর রহমান রাজারহাট থানায় অভিযোগ করেন।
চলতি বোরো মৌসুমে বর্গাচাষি মজিবর রহমান আবার বোরো ধান রোপণ করেন। গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে কাশেম আলী, রমজান আলী, মুছা মিয়া, ইছা আলী, রেজা মিয়া ও রিয়াজুলরা ওই ৬০ শতক জমির ধান গাছ রাসায়নিক ছিটিয়ে নষ্ট করে দেন।
জমির দাবিদার রিয়াজুল ইসলাম বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। কে বা কারা করেছে তা জানি না।’
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবদুর রশিদ বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।