রাসায়নিক ছিটিয়ে ফসল নষ্ট

নাটোরের সিংড়া উপজেলার পাউটা-বাঁশবাড়িয়া গ্রামে রাতে দুর্বৃত্তরা রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃষক রফিকুল ইসলামের সাত বিঘাসহ আরও তিন কৃষকের জমির আধা পাকা ধান নষ্ট করে দিয়েছে। গত বুধবার জমিতে গিয়ে ফসলের এ অবস্থা দেখে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাসহ স্থানীয় কৃষকেরা নিজ নিজ ধান নিরাপদে ঘরে তোলা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়ার পাউটা-বাঁশবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম তাঁর পূর্ব বাঁশবাড়িয়া মাঠের সাত বিঘা জমিতে ধানের চাষ করেছিলেন। এরই মধ্যে খেতের ধান পাকতেও শুরু করেছে। বুধবার তিনি খেতে গিয়ে দেখেন, সব ধান হলুদ হয়ে শুকিয়ে গেছে।
রফিকুল ইসলাম বলেন, তিনি অন্যের কাছ থেকে ইজারা নিয়ে এই ধানের চাষ করেছিলেন। ধানের পেছনে এরই মধ্যে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়ে গেছে তাঁর। এভাবে আধা পাকা ধান নষ্ট হওয়ায় তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। খরচের পুরো টাকাটা তিনি ঋণ করে জোগাড় করেছিলেন। ধান বিক্রি করে ঋণ পরিশোধের পরিকল্পনা করেছিলেন। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না। এ ঘটনায় তিনি সিংড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি আরও বলেন, কৃষি কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, খেতে ক্ষতিকর আগাছানাশক রাসায়নিক ছিটিয়ে এভাবে ধান নষ্ট করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা এ আগাছানাশক ছিটায় জমিতে। পরদিন সব ধান নষ্ট হয়ে যায়।
এদিকে একইভাবে একই সময়ে আগাছানাশক ছিটিয়ে রাতারাতি নষ্ট করে দেওয়া হয়েছে পাউটা-বাঁশবাড়িয়া এলাকার আরও তিন কৃষকের খেতের ধান। এই তিন কৃষক হলেন মোয়াজ্জেম হোসেন, মকলেছুর রহমান ও আবদুর রাজ্জাক। তিনজনের প্রায় পাঁচ বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে। এই তিন কৃষক জানান, আগেও তাঁরা এলাকার বিভিন্ন কৃষকের জমির ধান এভাবে নষ্ট করে দেওয়ার খবর শুনেছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, মাত্রাতিরিক্ত ও খারাপ জাতের আগাছানাশক রাসায়নিক ছিটানোয় এসব ধান রাতারাতি পুড়ে যাচ্ছে।