রাসায়নিক দিয়ে কেক, পাউরুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়দা আর চিনির সঙ্গে রাসায়নিক মিশিয়ে কেক, পাউরুটি ও বিস্কুট তৈরি করার দায়ে পুরান ঢাকার চকবাজারে গতকাল বুধবার দুটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল বেলা দুইটার দিকে চকবাজারে আল নূর প্রোডাক্টস ও মীম ফুড প্রোডাক্টস নামের দুটি বেকারিতে অভিযান চালান। সেখানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান ময়দা ও চিনির সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে তৈরি করা হচ্ছে কেক, পাউরুটি ও বিস্কুট। ভ্রাম্যমাণ আদালত দুই বেকারি থেকে ৫০ কেজি ওজনের ২৯ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট জব্দ করেন। এ সময় একটি বস্তা খোলা হলে অ্যামোনিয়াম নাইট্রেটের তীব্র ঝাঁজালো গন্ধে উপস্থিত কেউ সেখানে অবস্থান করতে পারছিলেন না। বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে এবং বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহার করছিল দুই বেকারি। এসব অপরাধের দায়ে আল নূর প্রোডাক্টসকে দেড় লাখ ও মীম ফুড প্রোডাক্টসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা অ্যামোনিয়াম নাইট্রেট মাতুয়াইলের সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে নিয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, অ্যামোনিয়াম নাইট্রেট মেশানো খাবার খেলে কিডনি ক্ষতিগ্রস্তসহ ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
আরও দুই বেকারিতে জরিমানা: চকবাজার এলাকার টেস্টি ফুড নামের বেকাররিকে কাপড়ে ব্যবহৃত রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে লাড্ডু, মিষ্টি, কেক ও বিস্কুট বানানোর দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরে আদালত অস্বাস্থ্যকর পরিবেশে জমজম বেকারিকে লাচ্ছা সেমাই তৈরি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, চারটি প্রতিষ্ঠান থেকে জরিমানার সাড়ে পাঁচ লাখ টাকা আদায় করা হয়েছে।