রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে আখের গুড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের পাঁচটি উপজেলায় আখের রস ছাড়াই বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে উৎপাদন করা হচ্ছে আখের গুড়। প্রশাসন বারবার অভিযান চালিয়েও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব গুড় উৎপাদন বন্ধ করতে পারেনি।
নাটোর সদর, বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও নলডাঙ্গা উপজেলার ১৫টি গ্রামের নয়টি গুড় তৈরির কারখানায় গত শুক্রবার ও গতকাল শনিবার গিয়ে দেখা যায়, সেখানে কোনো আখ নেই। অথচ আখের গুড় তৈরি হচ্ছে।
বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি গ্রামের গুড় উৎপাদনকারী মসলেম উদ্দিন বলেন, এখানকার কারখানাগুলোতে কম দামের পুরোনো আখের নরম চিটা গুড়, চিনি, ময়দা, কাপড়ের রং, ফিটকিরি, চুন ও হাইড্রোজ দিয়ে গুড় তৈরি করা হয়।
মাঠে পর্যাপ্ত আখ থাকা সত্ত্বেও কেন এভাবে গুড় তৈরি করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা, গুড় বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। তাই বেশি লাভের জন্য চিনি মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে।’
চিনির সঙ্গে মেশানো বিভিন্ন উপকরণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কেন তাঁরা শুধু লাভের জন্য এভাবে গুড় তৈরি করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘যা মেশানো হচ্ছে তা অখাদ্য নয়। এগুলো অন্য খাবারেও মেশানো হচ্ছে। এগুলোর গুণাগুণ সম্পর্কে কিছুই জানি না, বুঝিও না।’
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কালাম আজাদ বলেন, ‘গ্যাস্ট্রিক ও পেটের পীড়া নিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে আসেন। তাঁদের কাছ থেকে জানা গেছে, তাঁদের খাদ্যতালিকায় গুড়ের প্রাধান্য আছে। অস্বাস্থ্যকর উপাদান দিয়ে তৈরি গুড় খেয়ে তাঁরা রোগাক্রান্ত হচ্ছেন। অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির সময় চিটাগুড়ের সঙ্গে বিভিন্ন রাসায়নিকের বিক্রিয়ায় গুড়ের স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়। এগুলো শরীরের জন্য ঝুঁকিপূর্ণ।’
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার এসব অসাধু গুড় ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তাঁরা অধিক মুনাফার লোভে আবারও এভাবে গুড় তৈরি করেন। সর্বশেষ ৮ নভেম্বর উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের গুড় ব্যবসায়ী আবদুস সালামের কারখানায় র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে ৮ হাজার ১০০ কেজি ভেজাল গুড় জব্দ এবং ১০ জনকে আটক করেন। তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। কিন্তু ওই গ্রামে আবারও ভেজাল গুড় তৈরি হচ্ছে বলে জানা গেছে।