রাসায়নিক মেশানোয় ১৫ মণ আম নর্দমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় গাছ থেকে অপরিপক্ব আম পেড়ে রাসায়নিক দ্রব্য ছিটানোর সময় দুই ব্যবসায়ীর প্রায় ১৫ মণ আম নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আম নষ্ট করা হয়। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল ইসলাম এই আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পীরগাছা গ্রামের আবদুল খালেক ও উপজেলা সদরের মাতব্বর প্রামাণিক নামের দুই আম ব্যবসায়ী যৌথভাবে ব্যবসা করেন। আগাম বাজার ধরার আশায় আজ দুপুরে তাঁরা গাছ থেকে অপরিপক্ব আম পাড়েন। এর পর তিনজন শ্রমিক ওই আম কৃত্রিমভাবে পাকানোর জন্য রাসায়নিক দ্রব্য ছিটাচ্ছিলেন। স্থানীয় লোকজন বিষয়টি দেখে ইউএনওকে খবর দেন। খবর পেয়ে ইউএনও হামিদুল ইসলাম পুলিশসহ ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যবসায়ী পালিয়ে যান। তবে তিন শ্রমিককে আটক করা হয়। পরে তাঁরা ক্ষমা চাইলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। ইউএনও এর নির্দেশে আমগুলো নর্দমায় ফেলে দেওয়া হয়।

ইউএনও হামিদুল ইসলাম বলেন, এগুলো লক্ষণভোগ আম। এই আম পরিপক্ব হতে আরও ১৫-২০ দিন লাগত। অথচ এই দুই ব্যবসায়ী এই অপরিপক্ব আম পেড়ে কৃত্রিমভাবে পাকানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে আম পাকানোর রাসায়নিক দ্রব্যও জব্দ করা হয়েছে।