রাসেল হত্যায় তরুণের স্বীকারোক্তি, রিমান্ডে ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিকী ছবি
প্রতিকী ছবি

রাজধানীর কদমতলী এলাকার রাসেল ব্যাপারী (২২) হত্যা মামলার আসামি মোহাম্মদ সানি (২১) বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিহত রাসেল ব্যাপারী পেশায় অটোরিকশাচালক ছিলেন।

কদমতলী থানা-পুলিশ বলছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আসামি সানি। শ্বাসরোধে রাসেল ব্যাপারীকে হত্যা করা হয়।

রাসেল হত্যা মামলায় আরও তিন আসামিকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে এই তিন আসামিকে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন আসামি হলেন আরিফুল, আলামিন ও রিফাত।

গত মঙ্গলবার রাতে কদমতলীর মুরাদপুর রজ্জব আলী সরদার রোডের নজরুল ইসলামের নির্মাণাধীন বাড়ির একটি ট্যাংক থেকে রাসেল ব্যাপারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেল ব্যাপারীর বাবা শহিদ ব্যাপারী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে কদমতলী থানায় হত্যা মামলা করেন। এখন পর্যন্ত রাসেল হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার হয়েছেন। পলাতক আছেন আশিক ও রিফাত।

মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণদাস ব্যাপারী প্রথম আলোকে বলেন, রাসেল হত্যা মামলায় জড়িত ছয়জন আসামি রাসেলেরই বন্ধু। একসঙ্গেই তাঁরা চলাফেরা করতেন ও মাদক সেবন করতেন। মাদক সেবনসংক্রান্ত বিরোধের জেরে রাসেলকে তাঁরা হত্যা করেছেন।

মামলার এজাহারে শহিদ ব্যাপারী বলেন, তাঁর দুই ছেলে। একজন রাসেল, অন্যজন রনি। রাসেল অটোরিকশা চালাতেন, রনি একটি শাড়ির কারখানায় কাজ করতেন। গত সোমবার সকাল সাড়ে নয়টায় অটোরিকশা চালানোর জন্য বাসা থেকে বের হয়ে যান তাঁর ছেলে রাসেল। অন্যদিনের মতো সেদিন বাসায় ফেরেননি তিনি। পরদিন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে তাঁর নম্বরে কল আসে। জানানো হয়, তাঁর ছেলে রাসেল মারা গেছেন। পরে গিয়ে তাঁরা লাশ দেখতে পান। সানিসহ অন্য আসামিরা কৌশলে তাঁর ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছেন।

পুলিশ কর্মকর্তা কৃষ্ণদাস ব্যাপারী বলেন, মাদক সংগ্রহের জন্য আসামিরা রাসেলের কাছে টাকা রাখতেন। অন্য আসামিদের ধারণা হয়েছিল, রাসেল তাঁদের টাকা মেরে দিয়েছেন। এ নিয়ে সম্প্রতি রাসেলের সঙ্গে আসামি আরিফুলসহ অন্যদের হাতাহাতি হয়। এরপর থেকে আরিফুলসহ অন্যরা রাসেলকে হত্যা করার সিদ্ধান্ত নেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী, রাসেলকে ডেকে আনার পর আশিক ও সানি মিলে গলায় রশি পেঁচিয়ে দুই দিকে টান দেন। অন্যরাও হত্যাকাণ্ডে অংশ নেন। রাসেলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাঁরা লাশ ট্যাংকে রেখে পালিয়ে যান।